Site icon হামার কুড়িগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রামে বিজিবির কড়া নিরাপত্তা

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সাতটি উপজেলায় অবস্থিত ৬১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ২৭ প্লাটুন বিজিবি সদস্য। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

ভোটারদের ভাষ্য, নির্বাচনের সময় এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান,
“নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত না করতে পারে।

Exit mobile version