মাইদুল ইসলাম মামুন || হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশন থেকে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম রনি।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হীল জামান।
গ্রেপ্তার রনি রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্তত তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মোটরসাইকেল নিয়ে তেল নিতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন রনি। এ সময় মামলার বাদীপক্ষের লোকজন তাকে শনাক্ত করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আমজাদ হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, রনি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে আমজাদকে গুরুতর জখম করে। পরে তাকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আমজাদের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
ওসি আব্দুল্লা হীল জামান জানান, গ্রেপ্তারকৃত রনিকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রনির বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা ভাঙচুর এবং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যাচেষ্টার অভিযোগেও পৃথক মামলা রয়েছে।

