Site icon হামার কুড়িগ্রাম

তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবি, মানববন্ধন ও সমাবেশ

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পলাশপুর গ্রামকে তিস্তার ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ-এর উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী পলাশপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদশা বক্সী, সদস্যসচিব আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলামসহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মোকসেদ আলী ও মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ২০১৬ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি উল্লেখ করেন, তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।

তিনি আরও বলেন, তিস্তার দুই তীরবর্তী এলাকায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করে, যারা প্রতিবছর ভাঙনের শিকার হচ্ছেন। এতে হাজার হাজার মানুষ বসতভিটা ও জীবিকা হারাচ্ছেন।

সমাবেশে বক্তারা দ্রুত কার্যকর নদীশাসন প্রকল্প গ্রহণের দাবি জানান। অন্যথায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের বসতভিটা ও আবাদি জমির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Exit mobile version