হামার কুড়িগ্রাম

ঢাকায় এমপি হোস্টেলে উলিপুরবাসীর সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার মাহবুব সালেহী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সাপ্তাহিক বন্ধের দিনেও ঢাকার এমপি হোস্টেলে উলিপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন ব্যারিস্টার মাহবুব সালেহী, এমপি। উলিপুরের উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা, ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ জনসাক্ষাৎ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এমপি হোস্টেলে অনুষ্ঠিত এ কর্মসূচি ছিল ধারাবাহিক জনসাক্ষাতের দ্বিতীয় দিনের আয়োজন। সংরক্ষিত এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় অংশগ্রহণকারীদের জন্য পূর্ব-নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়। নিবন্ধনের পর আয়োজক দলের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সাক্ষাতের সময়, প্রবেশ-সংক্রান্ত নির্দেশনা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উলিপুরের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, নদীভাঙন প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যার কথাও জানান তারা এবং সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

ব্যারিস্টার মাহবুব সালেহী উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের মতামত ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতেই একটি টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যেই উলিপুরবাসীর সঙ্গে নিয়মিত জনসাক্ষাৎ ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের এই উদ্যোগ স্থানীয় সমস্যা চিহ্নিত করা, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং জনসেবার কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জানান, অংশগ্রহণমূলক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসাক্ষাৎ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

Exit mobile version