ডেস্ক রিপোর্ট:
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।
শনিবার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।

