জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কুড়িগ্রামে জোরদার নির্বাচনী নিরাপত্তা


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন /
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কুড়িগ্রামে জোরদার নির্বাচনী নিরাপত্তা

ডেস্ক নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে কুড়িগ্রাম জেলায় গ্রহণ করা হয়েছে কঠোর ও বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কাজ করছে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেলা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল কার্যক্রম লক্ষ্য করা যায়।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নিয়মিতভাবে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকি করছেন। প্রতিটি বাহিনী নিজ নিজ দায়িত্ব অনুযায়ী মাঠে সক্রিয় রয়েছে এবং প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা শহরের দাদা মোড় এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, “রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখে বোঝা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে ভোটের পরিবেশ নিয়ে আমাদের আস্থা বেড়েছে।”

রিভার ভিউ মোড় এলাকার বাসিন্দা জামান জানান, “নির্বাচনকে ঘিরে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের মিডিয়া উইংস বিষয়ক সম্পাদক সাংবাদিক আশির্বাদ রহমান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহল কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের আগের সময় ও ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তাঁর তত্ত্বাবধানে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রামে নির্বাচনী প্রস্তুতির দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।