ডেস্ক নিউজ
বিএনপির ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রত্যয়ে কুড়িগ্রামে সম্মিলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৮ মে) সকালে কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত বিএনপির স্বাক্ষরিত জুলাই সনদ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ধারাবাহিকভাবে মাঠে কাজ করে যাচ্ছে। জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতেই এই প্রচার কর্মসূচি চালানো হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হীরক, সহ-সভাপতি সিফাত রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব, দপ্তর সম্পাদক অর্ঘ্য সাহা দীপ, প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম স্বাধীনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়াও সরকারি কলেজ, মজিদা কলেজ ও পলিটেকনিক ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

