হামার কুড়িগ্রাম

জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে পড়াশোনা থমকে যাওয়ার পথে পলাশ, পাশে দাঁড়াল ছাত্রদল

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ থমকে যাওয়ার উপক্রম হয়েছিল মেধাবী শিক্ষার্থী পলাশের। এমন খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল ও ফুলবাড়ী উপজেলা ছাত্রদল।

বুধবার (১২ আগস্ট) পলাশের বাড়িতে গিয়ে তার হাতে মিষ্টি ও ফল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে পলাশের ভবিষ্যৎ পড়ালেখার সকল প্রকার খরচে সহযোগিতা করার আশ্বাস দেন তারা।

ছাত্রদল নেতারা জানান, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে না যায়, সে লক্ষ্যেই পলাশের শিক্ষাজীবনের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে।

পলাশের পরিবারের পক্ষ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। তাদের এই সহযোগিতায় পলাশের উচ্চশিক্ষার স্বপ্ন আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।

স্থানীয়রা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে এ ধরনের সহযোগিতা অন্যদেরও মানবিক ও সামাজিক কাজে উৎসাহিত করবে।

Exit mobile version