Site icon হামার কুড়িগ্রাম

জিঞ্জিরাম নদীতে ভাঙা সাঁকো থেকে পড়ে ৭ বছরের স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলা-এ জিঞ্জিরাম নদীতে পড়ে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার চর ইচাকুড়ি গ্রামের বাসিন্দা আরিফুল ইসলামের ছেলে। সে মির্জাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। এ সময় নদী পারাপারের জন্য ব্যবহৃত একটি ভাঙা ও অপ্রয়োজনীয় বাঁশের সাঁকোর ওপর উঠলে তার পা পিছলে সে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে আশপাশে কেউ না থাকায় মুহূর্তেই সে পানিতে তলিয়ে যায়।

পরে তার সঙ্গে থাকা মীম নামে আরেক শিশু দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর আব্দুল্লাহকে উদ্ধার করে।

উদ্ধারের পর তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আসাদার, হারুনুর রশীদসহ অনেকে অভিযোগ করে বলেন, চর এলাকায় কোনো বিদ্যালয় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় ২৫ জন শিক্ষার্থী জিঞ্জিরাম নদী পার হয়ে মির্জাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে দ্রুত জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Exit mobile version