বিপুল মিয়া | Hamar Kurigram
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন যুবশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গামোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাত্তার সাজু বলেন, “আব্দুল্লাহকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওলামা বিভাগের সেক্রেটারির দায়িত্বসহ দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে যুবশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রাকিবুল বাশার রাকিব বলেন, “আব্দুল্লাহ নামে কেউ হয়তো কমিটিতে থাকতে পারেন। তালিকা দেখে নিশ্চিত করে বলতে পারব।” জামায়াত থেকে অব্যাহতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “তিনি জামায়াত থেকে অব্যাহতি পেয়েছেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।”
তবে সম্প্রতি ঘোষিত যুবশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার কমিটিতে আব্দুল্লাহকে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জামায়াত থেকে অব্যাহতির কারণ এবং পরবর্তীতে যুবশক্তিতে তার অন্তর্ভুক্তি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে।
