ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সনদ ও পুরস্কার প্রদান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
