ডেস্ক নিউজ
কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে এ গৌরব অর্জন করে অনুশ্রী।
বর্তমানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি গভীর অনুরাগী। কক্সবাজারের ‘সৃজন সংগীত ভুবন’-এ তার সংগীতের হাতেখড়ি হয় এবং পরবর্তীতে বিভিন্ন প্রশিক্ষকের তত্ত্বাবধানে তার প্রতিভা আরও বিকশিত হয়।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থানসহ ‘নতুন কুঁড়ি’ ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে অনুশ্রী।
মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। সবার প্রত্যাশা, ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরও উজ্জ্বল ভূমিকা রাখবে কুড়িগ্রামের এই ক্ষুদে প্রতিভা।
