Site icon হামার কুড়িগ্রাম

জাতীয় পতাকা বহনকারী গাড়ি নিয়ে কুড়িগ্রামে রহস্য, জনতার প্রশ্নে আরোহীর পরিচয় প্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম শহরে একটি জাতীয় পতাকা বহনকারী গাড়ির ঘোরাফেরা নিয়ে জনমনে রহস্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে কলেজ মোড় এলাকায়, যেখানে গাড়িটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকা লাগানো একটি প্রাইভেটকার শহরের বিভিন্ন সড়কে চলাচল করছিল। এ সময় স্থানীয় লোকজন গাড়িটির বৈধতা ও পরিচয় জানতে চাইলে গাড়ির আরোহীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

জনতার প্রশ্নের মুখে গাড়ির আরোহীদের একজন নিজেকে পররাষ্ট্র সচিব আবু লাইচ সম্রাট নামে পরিচয় দেন। পরে তিনি জানান, তিনি সদ্য পররাষ্ট্র ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সে কারণেই জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন বলে দাবি করেন।

তবে বিষয়টি নিয়ে আশপাশের লোকজনের মধ্যে আরও প্রশ্ন দেখা দিলে গাড়িটি দ্রুত কলেজ মোড় এলাকা ত্যাগ করে চলে যায়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা ও সরকারি পদমর্যাদার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে আইন ও বিধি মেনে চলা অত্যন্ত জরুরি এবং বিভ্রান্তি এড়াতে কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান প্রয়োজন।

Exit mobile version