Site icon হামার কুড়িগ্রাম

জাইমা রহমানের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে নাগেশ্বরীতে জিডি, অভিযুক্ত যুবক চিহ্নিত

নিউজ ডেস্ক অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জ্যেষ্ঠ কন্যা জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গত ৩০ এপ্রিল রাতে স্থানীয় বিএনপি নেতার পক্ষ থেকে এই জিডি করা হয়।

জিডি সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ফেসবুকের একটি আইডি থেকে জাইমা রহমানের একটি ছবি বিকৃত করে প্রকাশ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ছবিটি কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।

জিডিতে অভিযুক্ত হিসেবে মো. রাসেল মামুন (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের বাসিন্দা এবং মো. ফুলবর রহমানের ছেলে। প্রমাণ হিসেবে তার ব্যবহৃত ফেসবুক আইডির একটি নির্দিষ্ট লিংকও জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

জিডির বাদী নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক অভিযোগে উল্লেখ করেন, “বিবাদী উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতার কন্যার ছবি বিকৃত করে মানহানিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এটি দল ও শীর্ষ নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। নিরাপত্তার স্বার্থে বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে।”

নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মো. মাহমুদুল হাসান জিডিটি গ্রহণ করেন (নম্বর: ১৬২২, তারিখ: ৩০/০৪/২০২৬)। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) নিরঞ্জন রায়কে।

থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধ সংক্রান্ত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version