ডেস্ক নিউজ
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার বাবাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং মাকে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী কবিরাজ পাড়া এলাকায়। হামলায় আহত মো. আমিনুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গত সোমবার (৫ অক্টোবর) আমিনুল ইসলাম ও তার স্ত্রী শামসাদ বেগম নিজ জমি দেখতে গেলে স্থানীয় রমজান আলী, মামুনুর রশিদ মামুন, মনোয়ারা বেগমসহ আরও দুজন তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে বুধবার এ ঘটনায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশবাড়ী এলাকায় ৪ দশমিক ১৬ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমিনুল ইসলাম দাবি করেছেন, ক্রয়সূত্রে পাওয়া ওই জমি প্রায় ৩৪ বছর ধরে তিনি ভোগদখল করে আসছেন। বিরোধ নিষ্পত্তিতে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও সমাধান হয়নি। এ বিষয়ে কুড়িগ্রাম সদর সিভিল জজ আদালতে ২৬৮/২০২৫ নম্বর দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
এজাহারে বলা হয়েছে, সোমবার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম ও তার স্ত্রী জমিতে ইউক্যালিপটাসের চারা রোপণ করতে গেলে সেখানে অবস্থান করা কয়েকজন তাদের বাধা দেন এবং গালিগালাজ করেন। একপর্যায়ে রমজান আলী বাঁশের লাঠি দিয়ে আমিনুলের মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি মাথা সরিয়ে নিলে আঘাতটি তার ডান চোখের নিচে লাগে। এতে ওই স্থানে ফোলা ও কালশিটে জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে লোহার রড দিয়ে আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং মামুনুর রশিদ মামুন তার বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শামসাদ এগিয়ে গিয়ে তাকে সরিয়ে দিলে আমিনুল রক্ষা পান বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মনোয়ারা বেগম শামসাদের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং রমজান আলী তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত আমিনুলকে স্থানীয় লোকজন অটোরিকশায় করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার স্ত্রী শামসাদ স্থানীয় পল্লিচিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক তামজিদ হাসান তুরাগ বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। তার বাবা-মা নিজেদের কেনা জমিতে চারা রোপণ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় বিবাদী পক্ষও একটি মামলা করেছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
