Site icon হামার কুড়িগ্রাম

চোরের ওষুধ কেনায় একজন গ্রেফতার, ভুরুঙ্গামারীতে ওষুধ চুরি; দিনাজপুর থেকে উদ্ধার

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফার্মেসিতে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর (২০২৫) দিবাগত রাতে ভুরুঙ্গামারী জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে অজ্ঞাত চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় চার লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে দোকানের মালিক ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং সার্কেল এএসপি ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের পরিকল্পিত অভিযানে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ওষুধ উদ্ধার করে।

এ সময় চোরাই ওষুধ ক্রয়ের অভিযোগে দিনাজপুর জেলার সদর থানার ২নং উপশহর (সি/১৮) এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন (৪৩), যিনি রামডুবি বাজারের ‘মা ফার্মেসী’-এর মালিক, তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “চুরি হওয়া ওষুধের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

Exit mobile version