চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনের ৭০৩২ নম্বর কোচ থেকে বাতি ও ফ্যানের সার্কিটের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এতে ট্রেন চলার সময় কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে গিয়ে অন্ধকার ও গরমের মধ্যে যাত্রা করতে হয়েছে যাত্রীদের।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উলিপুর রেলওয়ে স্টেশনের অদূরে বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
যাত্রীরা জানান, উলিপুর স্টেশন অতিক্রম করার পর হঠাৎ কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে যায়। প্রথমে তারা এটিকে যান্ত্রিক ত্রুটি মনে করলেও পরে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে জানতে পারেন, বৈদ্যুতিক তার চুরি হয়েছে।
যাত্রী নিয়ামত আলী বলেন, হঠাৎ পুরো কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে যায়। পরে জানতে পারেন কোচের তার চুরি হয়েছে। এতে অন্ধকার ও গরমের মধ্যে যাত্রা করতে হয়েছে।
আরেক যাত্রী কফিল উদ্দিন বলেন, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে তার চুরির বিষয়টি জানা যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে রমনার উদ্দেশে চলাচলকারী ট্রেনটির ৭০৩২ নম্বর কোচে এ ঘটনা ঘটে। তবে কখন বা কীভাবে তারগুলো চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উলিপুর স্টেশনে দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। ট্রেনের পরিচালক অজিত রায় বলেন, দায়িত্বে থাকা অবস্থায় তাকে এ বিষয়ে কেউ জানায়নি। পাওয়ার কার থেকে জানানো হলে তিনি বিষয়টি জানতে পারতেন বলে জানান তিনি।
এদিকে রেলওয়ে নিরাপত্তা নিয়ে লোকবল সংকটের কথা জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, লোকবল সংকটের কারণে ওই ট্রেনে নিরাপত্তাকর্মী দেওয়া সম্ভব হয়নি। তার চুরির বিষয়টিও তাকে জানানো হয়নি।
চলন্ত ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের দাবি, রেলওয়ের সম্পদ চুরি রোধে নিরাপত্তা জোরদার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।






