মো. আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম নারায়ণপুর চরাঞ্চলের অসহায় ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের হাতের কাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে উন্নত করা গেলে তারা শুধু নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতাই ফিরিয়ে আনতে পারবেন না, স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি জানান, প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২৫ জন বাছাইকৃত নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি তৈরিতে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করবেন। এতে তারা ঘরে বসেই আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, দুর্গম চরাঞ্চলে এমন কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেরাই আয়-রোজগার করে পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
