Site icon হামার কুড়িগ্রাম

চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের উলিপুর উপজেলা এর থেতরাই ইউনিয়ন-এর চরাঞ্চলবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) জুয়ান সতরা নূরানী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্ট।

মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণ।

মাওলানা রাশেদুল ইসলাম-এর সঞ্চালনায় এবং হাফেজ আতাউর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন শাহীন আলম, আব্দুল ওহাব, আনারুল সাইফুল ইসলাম ও আবু সাঈদসহ অন্যান্যরা। এ সময় থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার, চর জুয়ানসতরা ও রামনিয়াশা চরাঞ্চলের চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণ বলেন, থেতরাই ইউনিয়নের এসব চরাঞ্চলে কোনো উচ্চমাধ্যমিক বিদ্যালয় বা দাখিল মাদরাসা নেই। ফলে এ অঞ্চলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী পাওয়া খুবই দুষ্কর। যারা শিক্ষিত হয়েছেন, তারা নিজ উদ্যোগে বাইরের এলাকায় গিয়ে পড়াশোনা করেছেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে এখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এতে করে চরাঞ্চলের শিক্ষার্থীরা স্থানীয়ভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

এ সময় তিনি নদীভাঙনের শিকার পরিবারের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্ট-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

Exit mobile version