ফুলবাড়ী প্রতিনিধি
নতুন বছরকে স্বাগত জানাতে গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে, তখন মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি আয়োজকরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন। কর্মসূচি চলাকালে হাতে পোস্টার নিয়ে হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের জোরালো দাবি জানানো হয়। আয়োজকদের ভাষ্য, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা অপরিহার্য।
গ্রীন ভয়েস নেতৃবৃন্দ বলেন, মানবতা, পরিবেশ ও ন্যায়ের প্রশ্নে গ্রীন ভয়েস সবসময় সোচ্চার। শুধু ত্রাণ বিতরণ নয়, সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধেও সংগঠনটি নিয়মিত অবস্থান জানিয়ে আসছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

