কুড়িগ্রাম প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’।
শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সমন্বয়ক আখম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ভারতের কঠোর হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে বাংলাদেশ ও ভারতের মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিযোগ, গাইবান্ধায় বিশাল রামমূর্তি নির্মাণের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ সাম্প্রদায়িক উসকানিমূলক। তারা অবিলম্বে এ কার্যক্রম বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তারা আরও বলেন, প্রস্তাবিত মূর্তি নির্মাণের বিষয়টি তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মূর্তি নির্মাণের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হরিদাস চন্দ্র তরণীদাস একজন ‘চিহ্নিত প্রতারক’। তাদের দাবি, তিনি অতীতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছিলেন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন।
বক্তাদের অভিযোগ, কারাগার থেকে মুক্তির পর তিনি বিপুল অর্থ ব্যয়ে রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।
