ডেস্ক নিউজ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে এক ব্যক্তিকে গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন করে তদন্ত ও গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, গত ৩ জুলাই রাত প্রায় ৩টার দিকে একটি অপরিচিত গ্রামীণফোন নম্বর থেকে তাকে ফোন করা হয়। ফোনকারী নিজেকে উলিপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজু পরিচয় দিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে গ্রেফতারের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটনার কল রেকর্ডও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাদারটারী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় মৃত মেহের বেপারীর জীবদ্দশায় খনন করা একটি পুকুরকে কেন্দ্র করে পুকুরপাড় ভাঙনের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই জিডির তদন্তের বিষয়টি সামনে এনে পুলিশ পরিচয়ে ফোন করে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মান্নান জানান, একই নম্বর থেকে তাকে ফোন করে অপর এক ব্যক্তি নিজেকে উলিপুর থানার কর্মকর্তা শফিক পরিচয় দিয়ে দ্রুত আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে তিনি ঘটনাস্থলে যান।
অভিযোগ রয়েছে, আব্দুর রাজ্জাকের জামাতা একজন সাংবাদিক—বিষয়টি জানার পর ইউপি সদস্যের বক্তব্যের ধরন পরিবর্তন হয়ে যায়। এরপর তিনি উভয় পক্ষকে আপস-মীমাংসার পরামর্শ দেন এবং বাদী পক্ষের সঙ্গে জিডি প্রত্যাহারের বিষয়েও কথা বলবেন বলে জানান।
অভিযোগের বিষয়ে উলিপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজু বলেন, “আমি যদি ফোন করতাম, তাহলে অবশ্যই আমার সরকারি নম্বর থেকেই করতাম। যে নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছে, সেটি আমার নয়। নম্বর ও কল রেকর্ড দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “এটি প্রতারক চক্রের কাজ হতে পারে। কোনো অবস্থাতেই তাদের কাছে টাকা দেবেন না। প্রতারকের ফোন নম্বরসহ থানায় যোগাযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
