হামার কুড়িগ্রাম

গতিশীল স্বাস্থ্যসেবায় এগিয়ে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জেলাল আহম্মদ রানা | নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. সুজন সাহা দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মিত তদারকি, চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ডা. সুজন সাহা। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের সেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মীদের দায়িত্ব পালনে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওপেন এসআরপি’ এবং স্বাস্থ্য বিভাগের পাইলট প্রকল্প ‘ভারবাল অটোপসি’ বাস্তবায়নেও কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের তদারকিতে স্বাস্থ্য সহকারীরা এসব কার্যক্রম পরিচালনা করছেন।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পুষ্টি সচেতনতা, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, হাম-রুবেলা ক্যাম্পেইনসহ বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া স্কুল পর্যায়ে টিসিভি ও এইচপিভি টিকা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাসপাতাল সূত্রের দাবি, সম্প্রতি জরায়ুমুখের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মধ্যে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অর্জন করেছে।

উপজেলার ৪৯টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালটির পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোগী ও স্বজনদের অভিযোগ ও সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী—জোসনা, পারুল, কাদের ও মজিদ—হাসপাতালের বর্তমান সেবাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, আগের তুলনায় বর্তমানে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং সেবা পাওয়ার সুযোগ বেড়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের জন্য একটি বিশ্বস্ত ও মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি প্রান্তিক মানুষ যাতে যথাযথ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই পুরো টিম একসঙ্গে কাজ করছে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তর করতে আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে এ লক্ষ্য অর্জন আরও সহজ হবে।”

Exit mobile version