হামার কুড়িগ্রাম

কোরবানির মাংস নিতে অসহায়দের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

ফজলুল করিম ফরাজী |হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রতি পরিবারকে ৩ কেজি করে মাংস দেওয়ার কথা বলে জনপ্রতি ১ হাজার টাকা নেওয়া হয়েছে। টাকা দিতে না পারলে অনেককে মাংস দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটি অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের ঘোষণা দেয়। পরে মাংস নিতে আসা দুঃস্থ পরিবারের সদস্যদের কাছ থেকে নির্ধারিত অর্থ দাবি করা হয়। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংগঠনের প্রতিনিধি মো. মাসুদ রানা অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের কিছু শর্ত ছিল। যারা শর্ত মানেনি, তাদের কোরবানির মাংস দেওয়া হয়নি।”ভুক্তভোগী নুর আমিন বলেন, “হামরা গরীব মানুষ।

টাকা থাকলে তো নিজেরাই কোরবানি দিতাম, বাজার থেইকা মাংস কিনে আনতাম। টাকা দিতে পারি নাই, তাই মাংসও দেয় নাই।”স্থানীয়দের দাবি, মানবিক সহায়তার নামে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায় করা সম্পূর্ণ অনৈতিক ও মানবিকতার পরিপন্থী।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়ভাবে রকেট, মামুন ও শহিদুল নামের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Exit mobile version