লেখা: সেঁজুতি মুমু
রাস্তা সংস্কারের জন্য অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও প্রতিবছর বাজেট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে—সেই বাজেট যায় কোথায়? কুড়িগ্রামের প্রায় ৭০ শতাংশ সড়কের অবস্থা এখন বেহাল। এতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিশেষ করে ডায়াবেটিস হাসপাতাল থেকে সিংহ পর্যন্ত রাস্তাটিতে চলাচল এখন অত্যন্ত কষ্টসাধ্য। অথচ কয়েকদিন আগে শিল্পকলার পাশের রাস্তায় মাটি ও খোয়া ফেলে অর্ধেক সংস্কারের কাজ করা হলেও এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেইন রোড বাদ দিয়ে সাইড রোড সংস্কার করার সিদ্ধান্তটি অনেকের কাছেই বোধগম্য নয়। অবশ্যই ওই সড়ক সংস্কারের প্রয়োজন আছে, তবে মূল সড়ক দিয়েই প্রতিদিন বাস ও ট্রাক চলাচল করে—যা যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
এই পরিস্থিতির দ্রুত সমাধান এখন সময়ের দাবি। কুড়িগ্রাম সবসময় পিছিয়ে থাকবে কেন? এবার আমাদের অধিকার আমাদেরকেই বুঝে নিতে হবে। কুড়িগ্রামের সড়ক সংস্কারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
উত্তরবঙ্গের রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলিত, আর সেই অবহেলার মধ্যে কুড়িগ্রাম যেন আরও বেশি বঞ্চনার শিকার। “মফিজ মফিজ” বলে কি সারাজীবন বঞ্চিত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে? আমরা এখন আমাদের অধিকার সম্পর্কে সচেতন। তাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবই।
অনতিবিলম্বে কুড়িগ্রামের সকল ভাঙা ও জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি—এটা আমাদের মৌলিক অধিকার।
সেঁজুতি মুমু
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

