মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর
আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) কুড়িগ্রাম সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দীন আহমেদের উদ্যোগে ফুলবাড়ী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী বাজার, আছিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জাতীয় পার্টির নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন পনির উদ্দীন আহমেদ। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও মতবিনিময় সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় বক্তব্যে পনির উদ্দীন আহমেদ বলেন,
“কুড়িগ্রামবাসীর জন্য আমাদের অঙ্গীকার—শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গড়ে তোলা, নদীভাঙন ও চরাঞ্চলের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা এবং উন্নয়নের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদ, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।”
তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সৎ নেতৃত্ব ও আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সদস্য সচিব এস. কে. বাবু আহমেদ, কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নূরে এরশাদ সিদ্দীকসহ আসাদুজ্জামান পলিন, লাভলু, মজনু, রাহুল প্রমুখ। নেতাকর্মীরা জাতীয় পার্টির পক্ষে গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশ নেন।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
