কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ (২৬) আসনের জন্য জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।
মঙ্গলবার (তারিখ) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ড. আতিক মুজাহিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এনসিপির নেতৃবৃন্দের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান ও রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, “জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে জনগণের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। মাঠে-ময়দানে শাপলা কলির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি, একজন শিক্ষিত ও মার্জিত প্রার্থী হিসেবে জনগণ ড. আতিক মুজাহিদকেই বেছে নেবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও কুড়িগ্রাম এমন শিক্ষিত নেতৃত্ব খুব কমই পেয়েছে। তার চেয়েও বড় কথা, তরুণ নেতৃত্ব হিসেবে কুড়িগ্রামবাসীর মধ্যে ড. আতিক মুজাহিদকে ঘিরে উল্লেখযোগ্য সমর্থন ও আগ্রহ দেখা যাচ্ছে।”

