Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর

অনিল চন্দ্র রায়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভারতীয় বিএসএফ সদস্যরা এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে কচাকাটা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০১৫-এর সাব-পিলার ১৪-এস এর পাশে বিএসএফের আহ্বানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধীন কেদার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে বিজিবির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে ভারতীয় ৮৯ ব্যাটালিয়নের রোস্তম ক্যাম্প কমান্ডার (ইন্সপেক্টর) অরুন কুমার সিংহের নেতৃত্বে বিএসএফের ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএসএফ সদস্যরা আল হাসান (৩০) নামের এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেন। তিনি মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা এবং আব্দুল হালিম ফারাজীর ছেলে।

Exit mobile version