নিউজ ডেস্ক অনলাইন:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমগ্র দেশ আজ গভীর শোকে নিমজ্জিত। রাষ্ট্রীয়ভাবে তিন (৩) দিনের শোক ঘোষণা করা হয়েছে।
এ পরিস্থিতিতে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা থার্টি ফার্স্ট নাইট উদযাপন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তারা অনুরোধ করেছে, শোকের মর্যাদা রক্ষার্থে নাগরিকরা আতশবাজি, পটকা ফোটানো, ডিজে পার্টি বা উচ্চ শব্দে গান-বাজনা ও আনন্দ-উল্লাসমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের জাতীয় ইতিহাসের একজন অনন্য নেত্রী। তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশই দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা। কুড়িগ্রামবাসীর প্রতি আমার অনুরোধ, এই শোকের সময়ে আতশবাজি, ফানুস, পটকার ও ডিজেপার্টি না করে সংযম, সহমর্মিতা ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখুন।”
তিনি আরও জানান, আতশবাজি, ফানুস ও পটকার অতিরিক্ত ব্যবহারে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এছাড়া পাখি ও প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। গত বছরই ফানুসের কারণে অনেক পাখি আগুনে ঝলসে মারা গিয়েছে, এবং আগুন লেগে ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে শোকের মর্যাদা বজায় রাখতে এবং জনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার জন্য। জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংগঠন আশা প্রকাশ করেছে যে, কুড়িগ্রামবাসী এই শোকের সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং জাতীয় শোককে সম্মানিত করবেন।

