
রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে রৌমারী উপজেলার চর বোয়ালমারী সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগেরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুশইনকৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আটক ব্যক্তিরা হলেন—ভারতের আসাম রাজ্যের নওগাঁও জেলার সামগিরি থানার ছালনা এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৫২), একই জেলার কোরিয়াবর থানার আব্দুল জব্বার মিয়ার ছেলে রুস্তম আলী (৬৬) এবং রোহা থানার সমর আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের পর ওই তিনজন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে চর বোয়ালমারী সীমান্তের বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। রোববার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে অবহিত করে। পরে গয়টাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।
আটক আয়েশা খাতুন জানান, তাদের ভারতের একটি ডিটেনশন ক্যাম্প থেকে সীমান্তবর্তী কুকুরমারা বিএসএফ ক্যাম্পে নেওয়া হয়। সেখান থেকে রাতের আঁধারে কাঁটাতারের বেড়া পার করে জোরপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যেতে তারা অস্বীকৃতি জানালে বিএসএফ সদস্যরা নির্যাতন করে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত থেকে আসা তিনজন নাগরিককে আটক করে ক্যাম্পে রাখা হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সন্ধ্যার দিকে তাদের পুনরায় ভারতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :