Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জমি বিরোধে সৎ ভাইকে হত্যার ঘটনায় র‌্যাবের অভিযানে প্রধান আসামি মান্নান কুমিল্লায় গ্রেপ্তার

মোঃ মাইদুল ইসলাম || হামার কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. আব্দুল মান্নানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণসহ অন্যান্য গুরুতর অপরাধ দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. আব্দুল মান্নান (৩০) নিহত মো. আব্দুল কুদ্দুস (৬৫)-এর সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে আসামি ও তার সহযোগীরা নিহতকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ৭টার দিকে নিহত আব্দুল কুদ্দুস তার ছেলে মো. রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে পৈতৃক জমিতে ধান রোপণ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা কুড়াল ও কোদাল নিয়ে সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় প্রতিবাদ করলে আব্দুল মান্নান কুড়াল দিয়ে আব্দুল কুদ্দুসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই অংশ হিসেবে র‌্যাব-১৩ (রংপুর) এবং র‌্যাব-১১ (কুমিল্লা) এর যৌথ অভিযানে গত ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার সাওড়াতলী এলাকা থেকে প্রধান আসামি মো. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে এ ধরনের সহিংস অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানায়, আসামি ধরা পরেছে। আসামীকে নিয়ে আসার জন্য কুড়িগ্রাম থানার প্রতিনিধি গেছে। অপরাধ দমনে ও আইন শৃঙ্খলা রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version