হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-২ আসনে ১০ কোটি টাকার বরাদ্দ চাইলেন এমপি ড.আতিক মুজাহিদ

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম-২ আসনের আওতাধীন কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন সড়ক, ব্রিজ, কালভার্ট ও হাট-বাজার উন্নয়নে প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ প্রধানমন্ত্রীর কাছে পৃথক চিঠির মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করেছেন। চিঠিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, কুড়িগ্রাম সদর উপজেলায় পাঁচটি, রাজারহাটে সাতটি এবং ফুলবাড়ীতে ছয়টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মধ্যে বিভিন্ন এলাকার সড়ক নির্মাণ ও উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ/সংস্কার এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা উন্নয়নের কাজ রয়েছে।

নথিতে উল্লেখিত হিসাব অনুযায়ী, কুড়িগ্রাম সদর উপজেলায় প্রায় ৪ কোটি ৯৭ লাখ টাকা, রাজারহাটে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা এবং ফুলবাড়ীতে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ প্রায় ১১ কোটি ৯১ লাখ টাকা।

স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজ হওয়া এবং স্থানীয় জনগণের চলাচলে সুবিধা বাড়তে পারে।

তবে নথিগুলোতে অর্থগুলো প্রস্তাবিত বরাদ্দ হিসেবে উল্লেখ রয়েছে। চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড়ের পরই প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

Exit mobile version