ডেস্ক নিউজ
কুড়িগ্রামে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি তেল, মটরসাইকেল, মোবাইলের ডিসপ্লে ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় আনোয়ার হোসেন (২৯) ও রিপন মিয়া (২৮) নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রোল, অকটেন, ডিজেল, মটরসাইকেল ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এসব মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।
আটককৃত আনোয়ার হোসেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং রিপন মিয়া একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।

