অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ৪ গ্রাম হিরোইন, ৫ কেজি গাঁজা ও ১ হাজার ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক করেছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে।
বিজিবি জানায়, সোমবার ২ ফেব্রুয়ারী বিকালে গংগারহাট বিওপির সদস্যরা ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা আব্দুল্লাপুর বাজার এলাকায় ৪ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি জব্বার আলী (৪০)কে হাতেনাতে আটক করে বিজিবি। আটক মাদক কারবারি হলেন ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। অন্য দিকে সন্ধ্যায় ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় বিওপির সদস্যরা মানিক কাজী এলাকায় পাঁচ কেজি গাঁজাসহ ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় এলাকার মাদক কারবারি হায়দার আলী (৩১) সজিব (২৫) শেখ ফরিদ (৪০) কে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
অপর দিকে সোমবার সন্ধ্যা ৭ টায় লালমনিরহাটের কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি’র টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বালাতাড়ি এলাকার মাদক কারবারি অন্তর আলী (২৪) কে হাতেনাতে আটক করে বিজিবি সদস্যরা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

