নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত অক্টোবর মাসজুড়ে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে। কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অভিযানকে কেন্দ্র করে আটককৃত পণ্যের মোট বাজার মূল্য প্রায় দুই কোটি ১৭ লাখ টাকা।
বুধবার (৩১ অক্টোবর) নারায়নপুর বিওপি এলাকা দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে মাষ্টারপাড়া এলাকা থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে গবাদি পশু (গরু-মহিষ), ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কমপ্লিট ড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, “সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আস্থা বৃদ্ধি ও মাদক ও চোরাচালানি প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। এর ফলে গত এক মাসে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, নিরাপত্তা জোরদার করার মাধ্যমে কুড়িগ্রাম জেলার সীমান্ত ও আশেপাশের জনপদে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে।
বিজিবি সদর দপ্তর জানায়, সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে যাতে অবৈধ পণ্য এবং মাদকের প্রবেশ রোধ করা যায়।

