ডেস্ক নিউজ
কুড়িগ্রাম সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম থানাধীন কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাওন কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম থানার এসআই (নিরস্ত্র) ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কাঁঠালবাড়ী আগমনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কাজে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
