Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম রেল যোগাযোগে বড় ধাক্কা: সান্তাহারে লাইনচ্যুতি, বিকল্প রুটে চলছে কুড়িগ্রাম এক্সপ্রেস

নিউজ ডেস্ক | হামার কুড়িগ্রাম

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগে সৃষ্টি হয়েছে মারাত্মক বিঘ্ন, যার সরাসরি প্রভাব পড়েছে কুড়িগ্রামগামী যাত্রীদের ওপর।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার–পার্বতীপুর মিটারগেজ লাইন সাময়িকভাবে বন্ধ (সাসপেন্ড) ঘোষণা করা হয়েছে। ফলে এই রুটে আপাতত কোনো মিটারগেজ ট্রেন চলাচল করছে না।

এ পরিস্থিতিতে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭/৭৯৮) সাময়িকভাবে বগুড়া-গাইবান্ধা হয়ে বিকল্প রুটে চলাচল করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইন মেরামত শেষে ট্রেনটি পুনরায় পূর্বের রুটে ফিরিয়ে নেওয়া হবে।

এদিকে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর, পার্বতীপুর ও বদরগঞ্জগামী যাত্রীদের জন্য বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে কুড়িগ্রাম জেলার যাত্রীদের যাতায়াতে অনিশ্চয়তা ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত লাইন সংস্কার করে স্বাভাবিক রেল যোগাযোগ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Exit mobile version