মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. গোলাম রসুল রাজা।
প্রধান আলোচকের বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, এ সময়ের চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকা, নৈতিক মূল্যবোধ বজায় রাখা এবং নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, বয়ঃসন্ধিকাল জীবনের একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ আলোচক মো. গোলাম রসুল রাজা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমান। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা এবং প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

