
মোঃ আব্দুল হাকীম সবুজ, রাজারহাট
পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় রবিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায়।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বেরীবাঁধ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাঁধ এলাকায় প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, সারাদেশে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা যুবদল এ উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জেলার ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় প্রায় ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রশিদ, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি নয়ন মিয়া, উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা মাহিন সরকার ও মশিউর রহমান, সাংবাদিক শিমু, বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক, সদস্য সচিব আমিনুর ইসলামসহ জেলা ও উপজেলা যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আপনার মতামত লিখুন :