হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা জাতীয় যুবশক্তির সদস্য সচিব পদ ছাড়লেন রাকিবুল, এক দিন পর স্থগিত কমিটি

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

ব্যক্তিগত ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠনে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম পৌর শাখার সদস্য সচিবের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোঃ রাকিবুল ইসলাম রাকিব। তাঁর পদত্যাগের ঘোষণার এক দিন পর, ১৮ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার এক জরুরি সাংগঠনিক নোটিশে পৌর শাখার আহ্বায়ক কমিটির সব ধরনের সাংগঠনিক ও দলীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

জানা গেছে, গত ২১ জুলাই ২০২৬ তারিখে আগামী ছয় মাসের জন্য জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোস্তাফিজুর রহমান পাভেলকে আহ্বায়ক এবং মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পদত্যাগের কারণ হিসেবে রাকিবুল ইসলাম রাকিব ব্যক্তিগত ক্যারিয়ার গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, এর আগে তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। হঠাৎ করেই রাজনীতিতে আসায় এ বিষয়ে তাঁর পর্যাপ্ত ধারণা নেই। পাশাপাশি, তাঁর পরিবার রাজনীতি পছন্দ করে না। পারিবারিক চাপের বিষয়টিও তাঁর সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

রাকিবুল ইসলাম রাকিবের ভাষ্য, বর্তমানে তিনি নিজের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দিতে চান। নিজের যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যেই রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এ সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতি ক্ষোভ, অভিমান কিংবা অসম্মান থেকে নেওয়া নয় বলেও জানিয়েছেন তিনি।

পদত্যাগের বিষয়ে প্রকাশিত বক্তব্যে রাকিবুল ইসলাম রাজনৈতিক পথচলায় পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে তাঁর কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে অর্জিত অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, রাজনীতির একটি অধ্যায় থেকে সরে দাঁড়ালেও ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করা, পরিবারের পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।

এদিকে, ১৮ অক্টোবর জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ ও সদস্য সচিব তরিকুজ্জামান তমাল স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নোটিশে কুড়িগ্রাম পৌরসভা আহ্বায়ক কমিটির সব ধরনের সাংগঠনিক ও দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। নোটিশে অনিবার্য সাংগঠনিক কারণ এবং জেলা কমিটির নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটির নামে কোনো সভা, সমাবেশ, দলীয় কর্মসূচি কিংবা সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা যাবে না। স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়।

নোটিশটি জেলা কমিটির দপ্তর সম্পাদক তারেক খান মজলিশ তারা প্রেরণ করেন। তবে কমিটির কার্যক্রম স্থগিতের পেছনে উল্লেখ করা সাংগঠনিক কারণের বিস্তারিত নোটিশে জানানো হয়নি।

উল্লেখ্য, রাকিবুল ইসলাম রাকিবের পদত্যাগের ঘোষণার এক দিন পর পৌর শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিতের নোটিশ প্রকাশিত হয়। তবে পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে কমিটি স্থগিতের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে জেলা কমিটির নোটিশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Exit mobile version