ডেস্ক নিউজ
স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কুড়িগ্রামে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে ‘প্রতি সপ্তাহের শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আওতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধনে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অভিযান চলাকালে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি পানি জমে থাকা স্থানগুলোতে নজরদারি এবং মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
