হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মোছা নূর মহল আখতার বানু

অনলাইন ডেস্ক

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা নূর মহল আখতার বানু।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে তাঁর স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি পদে বহাল থাকবেন।

দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করতে হবে।

অধ্যাপক ড. মোছা নূর মহল আখতার বানু দীর্ঘদিন ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে শিক্ষকতা করছেন। তাঁর এ নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিয়োগকে স্বাগত জানিয়ে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Exit mobile version