হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে স্পিকারের মনোনীত দুই এমপি

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুজন সংসদ সদস্যকে (এমপি) মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। বুধবার (১ জুলাই ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্পিকার কর্তৃক মনোনীত এই দুই সংসদ সদস্য হলেন— কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মোজাহিদ এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব মো. রোকন উদ্দীন বাবুল।

জাতীয় সংসদ সচিবালয়ের চিঠিতে বলা হয়েছে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের গত ১৬ জুনের একটি পত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১৪(১)(খ) ধারা মোতাবেক স্পিকার এই দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এই চিঠিটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) বরাবর পাঠানো হয়েছে।

এছাড়া অবগতির জন্য মনোনীত দুই সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, স্পিকার ও ডেপুটি স্পিকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এই চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Exit mobile version