নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনটির ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তবে ভুক্তভোগী নারী ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩১ আগস্ট) সকালে সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রা করছিলেন ওই নারী। অভিযোগ রয়েছে, চলন্ত ট্রেনের ক্যানটিনে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা সেখানে এগিয়ে আসেন। পরে তারা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানা গেছে।
তবে মামলায় পুলিশ সদস্যদের নাম থাকার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত তথ্য দিতে গড়িমসি করেছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা।
এ বিষয়ে ওসি দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যরাও জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
