মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও এই কর্মসূচির আওতায় রয়েছে।
দুর্গম চরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ২ শতাধিক চরকেন্দ্রসহ মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন ৪ হাজার ১৩৬ জন স্বেচ্ছাসেবী এবং ২৪০ জন সুপারভাইজার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
