মো. মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট সাতটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৬ সালের পর এবারই প্রথম জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সকাল থেকেই রেড ক্রিসেন্ট কার্যালয় ও আশপাশের এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তদারকি ও নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দীর্ঘ তিন দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।

