হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকার বাসিন্দা মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগম (৪৬)।

জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ২৫২ পিস ইয়াবা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি মাদক প্রতিরোধে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Exit mobile version