নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংস্কার ও মেরামতের জন্য ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত থেকে এ বরাদ্দ দেওয়া হচ্ছে। অনুমোদিত বরাদ্দ অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ২০ লাখ টাকা করে পাবে।
এ বরাদ্দের উদ্যোগে ভূমিকা রেখেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে ডিও লেটার পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তাঁর পাঠানো সুপারিশপত্রে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার মোট ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৩টি প্রতিষ্ঠানের সংস্কার ও মেরামতের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত বরাদ্দের মধ্যে প্রথম পর্যায়ে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছয়টি প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে বরাদ্দ পাওয়া সাতটি প্রতিষ্ঠানের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ছয়টি এবং ফুলবাড়ী উপজেলার একটি প্রতিষ্ঠান রয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার প্রতিষ্ঠানগুলো হলো—ভোগডাঙ্গা মডেল কলেজ, নয়ারহাট উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, নীলারাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোগলবাসা বালিকা উচ্চ বিদ্যালয় এবং উৎসাহীপুর কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসা। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় দ্বিমুখী দাখিল মাদ্রাসার জন্যও বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার তিনটি, রাজারহাট উপজেলার দুটি এবং ফুলবাড়ী উপজেলার একটি প্রতিষ্ঠান রয়েছে। রাজারহাট উপজেলার প্রতিষ্ঠান দুটি হলো—নীলারকটির হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কানুরীতি সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। কুড়িগ্রাম সদর উপজেলার প্রতিষ্ঠানগুলো হলো—কাচিচর বিএজি উচ্চ বিদ্যালয়, কাগজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চাকেদা খানপাড়া উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, ফুলবাড়ী উপজেলার নাগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার জন্যও এ পর্যায়ে বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র আহ্বান করে এসব সংস্কার ও মেরামতকাজ বাস্তবায়ন করা হবে। কাজের প্রাক্কলন প্রস্তুতের ক্ষেত্রে অনুমোদিত পিডব্লিউডি (PWD) শিডিউল অব রেট অনুসরণ করতে হবে। পরবর্তী সময়ে ওপেন টেন্ডারিং মেথড (OTM) অথবা লিমিটেড টেন্ডারিং মেথড (LTM) অনুসরণ করে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করার প্রক্রিয়া নেওয়া হবে।
বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং দ্রুত ও মানসম্মতভাবে সংস্কারকাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক একাডেমিক কার্যক্রম পরিচালনাও সহজ হবে।
এ উদ্যোগের বিষয়ে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে। আমরা কথার চেয়ে বাস্তব কাজে বিশ্বাসী। কুড়িগ্রামের শিক্ষাব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
