মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সৎ বাবার হাতে ৬ বছরের এক শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবে পথচারীর তাৎক্ষণিক বীরত্বে প্রাণে রক্ষা পেয়েছে সে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত সৎ বাবা মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়।
শিশুটির নাম তাসিন, বয়স মাত্র ৬ বছর। সে লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর মা ববিতা বেগমের সঙ্গে থাকত সে। প্রায় ছয়-সাত মাস আগে ববিতা বেগমের সঙ্গে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের বিয়ে হয়। এরপর থেকে তাসিন মায়ের সঙ্গেই সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।
স্থানীয়রা জানান, শনিবার মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাসিনকে মোটরসাইকেলে ঘুরতে বের করেন। সারাদিন বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাতে ছড়ারপাড়ে রাস্তার পাশের একটি পুকুরে শিশুটিকে ফেলে চলে যান তিনি। ওই সময় ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ শিশুটিকে থানায় নিয়ে যায়।
উদ্ধারকারী আজিপুর ইসলাম বলেন, “আমি না থাকলে হয়তো ওর বাঁচার সুযোগ থাকত না। এত ছোট শিশুর সঙ্গে এমন আচরণ অমানবিক।”
ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, ঘটনার পর লালমনিরহাট থানা পুলিশ অভিযুক্ত মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে। উদ্ধারকারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

