কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার চড় রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে পচা ও ছত্রাকধরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয়ে মোট ১০৭ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচির নীতিমালা অনুযায়ী ১০ শতাংশ শিক্ষার্থী বাদ দিয়ে ৯৬ জনের জন্য গত দুই দিন ধরে পাউরুটি সরবরাহ করা হয়। তবে বিতরণের সময় দেখা যায়, সরবরাহকৃত পাউরুটির একটি অংশে পচন ও ছত্রাক (ফাঙ্গাস) রয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
প্রধান শিক্ষক বলেন, ‘শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে নিম্নমানের বা পচা খাবার কোনোভাবেই বিতরণ করা উচিত নয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’
ঘটনার পর স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি জুয়েলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ নওশাদ বলেন, ‘আমি বরাবরই বলে দিয়েছি, এ ধরনের খাবার দেওয়া যাবে না। এতে বাচ্চারা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে।’ তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
